এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাসে স্বামী-স্ত্রী পরিচয়ে ইয়াবার চালান পাচারের সময় দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন ও একটি ভ্যানিটি ব্যাগ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১টা থেকে ২টার মধ্যে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন ভরিয়া পাকুরতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দিনাজপুরের কোতয়ালী থানার জীবনপুর এলাকার মো. আব্দুল হামিদ (৩৮) এবং বীরগঞ্জের পুরাতন জেলখানা এলাকার মোছা. মৌ (১৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা থেকে বাংলাবান্ধাগামী ‘শালকী সুপার পরিবহন’ নামের একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালানো হয়। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১২-৪৫৭৮। বাসের এফ-৩ ও এফ-৪ নম্বর আসনে বসা ওই দুই যাত্রী নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দেন। তাদের কাছে বাসের টিকিটও পাওয়া যায়নি।
তল্লাশির একপর্যায়ে আব্দুল হামিদের পরিহিত জিন্স প্যান্টের পকেট থেকে একটি খাঁকি খামের ভেতর নীল রঙের জিপারযুক্ত পাঁচটি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
অন্যদিকে, মোছা. মৌয়ের দেহ ও তার কাঁধে ঝোলানো ধূসর রঙের ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে একই ধরনের আরও পাঁচটি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটেও ২০০ পিস করে মোট ১ হাজার পিস ইয়াবা ছিল। দুইজনের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার মোট সংখ্যা ২ হাজার পিস এবং ওজন ২০০ গ্রাম বলে জানিয়েছে ডিএনসি।
এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইটেল পাওয়ার৭০ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি অপো এ১৮ মোবাইল ফোন ও একটি ভ্যানিটি ব্যাগ জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করেছেন।
ডিএনসি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার চালানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।
মাদকদ্রব্যের অবৈধ পাচার ও বিস্তারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

