বগুড়া প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এবার বগুড়া জেলায় মোট ৭২৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বেলা ১২টায় শহরের সাতমাথা সনাতন মন্দিরে বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় নির্মল।
সভায় বক্তব্য দেন জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সমর সাহা, সাংগঠনিক সম্পাদক অসীম দাস, দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার চাকীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়া বগুড়া মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ, সাধারণ সম্পাদক সুজিত জয়সোয়াল এবং বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে গোপাল তেওয়ারি, রামনারায়ণ কানু, প্রভাত সাহা, বিকাশ সাহা, আশীষ রায়, কালাচাঁদ সাহা, অশোক সাহা, অসিত দেবনাথ, রণজিত চৌধুরী, মিহির সরকার, পবিত্র মোহন্ত, উত্তম কুমার, অঞ্জন প্রামাণিক, বাধন কর্মকার কৃষ্ণ, পংকজ চক্রবর্তী, সুবীর দত্ত ও মানিক সরকার বক্তব্য দেন।
সভায় জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকরা দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন।
সভায় জানানো হয়, এবার বগুড়া জেলার ৭২৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক তদারকি ও নজরদারির জন্য স্বেচ্ছাসেবক কমিটি গঠন, সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার, গুজব প্রতিরোধ, জেনারেটর ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের ব্যবস্থা এবং নারী-পুরুষের জন্য পৃথক যাতায়াতের ব্যবস্থা রাখাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

