রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি অবৈধ বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলিসহ মোছা. রোজিনা খাতুন (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর স্বামী রুবেল হোসেন পালিয়ে যান।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার আলাইপুর নাপিতপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজশাহী জেলা ডিবির পুলিশ পরিদর্শক মোমিনুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার রোজিনা খাতুন আলাইপুর নাপিতপাড়া গ্রামের রুবেল হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবির একটি দল শনিবার রাতে ওই এলাকায় অভিযান চালাচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে রোজিনা খাতুনের বাড়িতে অবৈধ অস্ত্র মজুত থাকার তথ্য পায় পুলিশ।
পরে রাত ৮টার দিকে পুলিশ বাড়িটি ঘেরাও করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল হোসেন পালানোর চেষ্টা করেন। এরপর রোজিনা খাতুনের শয়নকক্ষের খাটের নিচে তল্লাশি চালিয়ে একটি সাদা শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তবে এ সময় রুবেল হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রোজিনা খাতুনের বিরুদ্ধে বাঘা থানায় একটি মামলা রয়েছে। তাঁর স্বামী রুবেল হোসেনের বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় ১৩টি, নরসিংদীতে একটি এবং কুষ্টিয়ায় একটি—মোট ১৫টি মামলা রয়েছে।
এ ঘটনায় বাঘা থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ ধারায় মামলা করা হয়েছে।
রাজশাহী জেলা ডিবির পুলিশ পরিদর্শক মোমিনুল হাসান বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পলাতক রুবেল হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, “অস্ত্রের মাধ্যমে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।

