দৈনিক প্রাণের শহর বিডি আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের ওপর ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার মধ্যে নতুন হামলার আশঙ্কায় দেশটির খামিস মুশাইত ও আবহা এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এ সতর্কতা জারি করে।
এদিকে ইয়েমেনের সরকারি বাহিনী দেশটির তাইজ প্রদেশের ধুবাব ও মোচা এলাকায় হুথিদের সামরিক সরঞ্জাম, সমাবেশ ও সদস্যদের লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে।
ইয়েমেন সরকারের বাহিনীর মুখপাত্র মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তাঁর দাবি, তাইজ প্রদেশের ধুবাব ও মোচা এলাকার ‘কিল বক্স’ হিসেবে চিহ্নিত স্থানে এসব হামলা চালানো হয়েছে।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে ইয়েমেনের সরকারি বাহিনী তাইজ শহর থেকে মোচাগামী সড়কের আশপাশের এলাকাকে সামরিক এলাকা ঘোষণা করে। একই সঙ্গে বেসামরিক নাগরিকদের ওই সড়ক এড়িয়ে চলার সতর্কতা দেওয়া হয়।
এর আগে আকস্মিক সামরিক অভিযানের মাধ্যমে মোচা দখলে নেওয়ার দাবি করে হুথিরা। এর ফলে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের একটি বড় অংশে তাদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
পরিস্থিতি ঘিরে সৌদি আরব ও ইয়েমেনের সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে।

