দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় দেশটিতে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় শত শত ঘরবাড়ি ও স্থাপনা ধসে পড়ে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রথমদিকে আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিল, এ দুর্যোগে মৃতের সংখ্যা এক লাখ পর্যন্ত পৌঁছাতে পারে। তবে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সর্বশেষ আপডেটে ১৬৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র ৪০ সেকেন্ড পর ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, দুটি ভূমিকম্পের মধ্যকার সময়ের ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড।
পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের জিওলোকেশন করা একাধিক ভিডিওতে রাজধানী কারাকাস এবং উপকূলীয় শহর কাতিয়া লা মারসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। বিশেষ করে একটি পাহাড়ি ঢালে অবস্থিত একাধিক ভবন ধসে পড়ার দৃশ্য ভিডিওতে ধরা পড়ে।
বিভিন্ন ভিডিওতে আরও দেখা যায়, আতঙ্কিত বাসিন্দারা তাদের স্বজন ও পোষা প্রাণী নিয়ে দ্রুত ভবন ছেড়ে রাস্তায় আশ্রয় নিচ্ছেন। আফটারশকের আশঙ্কায় অনেকেই পুরো রাত খোলা আকাশের নিচে কাটিয়েছেন।
সূত্র: এএফপি

