দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

এবার বাসে করে যাতায়াত করতে পারবেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। মাত্র ৩৫ টাকা ভাড়া দিয়ে একটানে ফার্মগেট থেকে বিমানবন্দর চলে যাবেন কিংবা বিমানবন্দর থেকে ফার্মগেট। সময় লাগবে ১২ মিনিট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর-তেজগাঁও রুট উদ্বোধন করলেও বাস চলাচলের সিদ্ধান্ত ছিল না। সাধারণ যাত্রীদের কথা বিবেচনায় নিয়ে সোমবার আটটি বাস দিয়ে বাসসেবা চালু করেছে বিআরটিসি।
এই বাসগুলো শুধু এক্সপ্রেসওয়েতেই চলাচল করবে। ফার্মগেটের খেজুরবাগানের কাছ থেকে বাস ছাড়বে। উত্তরার জসীমউদ্দীন রোড হয়ে আবার খেজুরবাগানে ফিরে আসবে।
প্রতিটি বাসকে ১৬০ টাকা টোল দিতে হবে। তবে ফার্মগেট থেকে বিমানবন্দর পর্যন্ত ১৫ কিলোমিটারের ভাড়া ৩৫ টাকাই থাকছে। আর উত্তরার জসীমউদ্দীন পর্যন্ত ১৭ কিলোমিটার রুটের ভাড়া ৪০ টাকা।
সকাল সাতটা থেকে সারা দিন চলবে বাসগুলো। রাতে যতক্ষণ পর্যন্ত যাত্রী পাওয়া যাবে, ততক্ষণ চলবে।
পরীক্ষামূলকভাবে আটটি বাস দিয়ে যাত্রা শুরু হলেও চাহিদা থাকলে বাসের সংখ্য্ বাড়ানো হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় গতি এসেছে নাগরিক জীবনে। উন্নত হয়েছে জীবনমান।
বাসস।

