ঢাকা প্রতিনিধি: আধুনিক শিক্ষার পাশাপাশি পবিত্র কুরআন শিক্ষা, নৈতিকতা ও নেতৃত্ব বিকাশের সমন্বিত শিক্ষাব্যবস্থা নিয়ে রাজধানীর বারিধারায় যাত্রা শুরু করেছে ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমির প্রথম পূর্ণাঙ্গ বালিকা শাখা ‘ফেইথ গার্লস ক্যাম্পাস’।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর নূরেরচালা রোডের ১১৩৭ নম্বর খন্দকার ভিলায় ক্যাম্পাসটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-৪৪-এর সংসদ সদস্য প্রকৌশলী মারদিয়া মমতাজ। বিশেষ অতিথি ছিলেন গুলশান থানার সহকারী থানা শিক্ষা কর্মকর্তা উম্মে হাবিবা শুরমি এবং হিলিং হোমসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আমরিন হুসাইন।
অনুষ্ঠানে ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমির চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান মো. শরফুদ্দিন শরিফ, অধ্যক্ষ আব্দুল্লাহ আল রাইয়ান, উপাধ্যক্ষ জোবায়ের আহমেদ ও মো. সুমনসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, নতুন এই ক্যাম্পাসে ইংরেজি মাধ্যমের আধুনিক শিক্ষার পাশাপাশি পবিত্র আল-কুরআন শিক্ষা, নৈতিকতা, চরিত্র গঠন এবং পবিত্র কুরআন মুখস্থ করার মাধ্যমে হাফেজা হওয়ার সুযোগ থাকবে।
শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বাড়াতে বাংলা, ইংরেজি ও আরবি ভাষার পাশাপাশি চতুর্থ ভাষা হিসেবে চীনা ভাষা (ম্যান্ডারিন) শেখার সুযোগ রাখা হয়েছে।
এ ছাড়া প্রযুক্তি ও সৃজনশীল দক্ষতা বিকাশে ‘ফেইথ রোবোটিকস ক্লাব’ এবং যুক্তিবোধ, যোগাযোগ ও নেতৃত্বের দক্ষতা বাড়াতে ‘ফেইথ বিতর্ক ক্লাব’ চালু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষার্থীরা আরবি ও ইংরেজি ভাষায় বক্তব্য উপস্থাপন করে।
ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমির অধ্যক্ষ আব্দুল্লাহ আল রাইয়ান বলেন, “আমাদের লক্ষ্য শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় দক্ষ শিক্ষার্থী তৈরি করা নয়; বরং জ্ঞান, ঈমান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একটি প্রজন্ম গড়ে তোলা। ফেইথ গার্লস ক্যাম্পাস সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
প্রতিষ্ঠান কর্তৃপক্ষের ভাষ্য, নতুন এই ক্যাম্পাসের মাধ্যমে মেয়েদের জন্য আধুনিক শিক্ষা, পবিত্র কুরআন শিক্ষা ও মূল্যবোধভিত্তিক বিকাশের সুযোগ আরও বিস্তৃত হবে।

