https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 27 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়: ডা. রফিক

admin
September 27, 2026 11:03 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
চিকিৎসা শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও আধুনিক চিকিৎসাসেবার ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তিন দিনব্যাপী বিভিন্ন বৈজ্ঞানিক সভা ও কর্মশালার অংশ হিসেবে চীনের ইউনান প্রদেশের প্রাদেশিক সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল এবং কুনমিং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় দুই পক্ষের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে চিকিৎসা শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও স্বাস্থ্যসেবার বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) স্থায়ী কমিটির সদস্য ঝাও জুনমিন চীন-বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, গবেষণা, চিকিৎসকদের প্রশিক্ষণ এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তির ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে স্বাস্থ্যখাতে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে এবং এর মাধ্যমে দুই দেশের জনগণ উপকৃত হবে।

কুনমিং বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ইউ কিয়াং তাঁর বক্তব্যে কুনমিং বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ওই সমঝোতা স্মারক দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার ভিত্তি তৈরি করেছে। এর আওতায় চিকিৎসা শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং বিভিন্ন একাডেমিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার সুযোগ রয়েছে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বৈঠকে বাংলাদেশের উচ্চতর চিকিৎসা শিক্ষা, বিশেষায়িত চিকিৎসাসেবা, চিকিৎসক প্রশিক্ষণ ও গবেষণায় বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরেন। তিনি চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে আরও এগিয়ে নেওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করেন।

বৈঠকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এবং দেশের সাম্প্রতিক চিকিৎসা অগ্রগতি নিয়ে একটি উপস্থাপনা দেন।

উপস্থাপনায় তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস এবং দেশের উচ্চতর চিকিৎসা শিক্ষা, বিশেষায়িত চিকিৎসাসেবা, চিকিৎসক প্রশিক্ষণ ও চিকিৎসা গবেষণায় বিশ্ববিদ্যালয়ের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জটিল ও জটিলতর রোগের চিকিৎসার জন্য রোগীরা এখানে আসেন। পাশাপাশি পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসা শিক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসক প্রশিক্ষণ, ক্লিনিক্যাল গবেষণা এবং আধুনিক চিকিৎসা পদ্ধতির বিকাশেও বিশ্ববিদ্যালয়টি ভূমিকা রাখছে।

তিনি বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার সাম্প্রতিক অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, জটিল ও বিশেষায়িত রোগের চিকিৎসা, অঙ্গ প্রতিস্থাপন, মিনিমালি ইনভেসিভ সার্জারি, আধুনিক রোগ নির্ণয় প্রযুক্তি এবং উন্নত চিকিৎসাসেবার ক্ষেত্রে দেশের সক্ষমতা ক্রমাগত বাড়ছে।

কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির বিষয়টিও তুলে ধরেন তিনি। তাঁর মতে, দেশে কিডনি প্রতিস্থাপনের সক্ষমতা ও পরিধি ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে। উন্নত সার্জিক্যাল পদ্ধতি, মাল্টিডিসিপ্লিনারি ট্রান্সপ্ল্যান্ট কেয়ার, আধুনিক ইমিউনোসাপ্রেশন এবং অপারেশন-পূর্ব ও পরবর্তী চিকিৎসাব্যবস্থার উন্নতির ফলে এ ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়েও কিডনি প্রতিস্থাপন সেবার সম্প্রসারণ ও আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশে অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি ইউরোলজিতে মিনিমালি ইনভেসিভ প্রোসিডিউর, এন্ডোইউরোলজি, ল্যাপারোস্কোপিক সার্জারি এবং আধুনিক সার্জিক্যাল ইন্টারভেনশনের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। দক্ষ জনবল তৈরি, আন্তর্জাতিক প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় এবং উন্নত প্রযুক্তির ব্যবহার বাংলাদেশের চিকিৎসাব্যবস্থাকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখছে।

বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্যখাতে জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের সম্ভাবনার কথাও তুলে ধরেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম। বিশেষ করে চিকিৎসা শিক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসক প্রশিক্ষণ, কিডনি প্রতিস্থাপন, আধুনিক সার্জিক্যাল প্রযুক্তি, চিকিৎসা গবেষণা এবং উন্নত স্বাস্থ্যসেবা প্রযুক্তির ক্ষেত্রে দুই দেশের বিশ্ববিদ্যালয় ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফুল ইসলাম।

বৈঠকে উভয় পক্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও বিশেষায়িত স্বাস্থ্যসেবার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক প্রাণের শহর বিডি
www.pranershohorbd.net

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।