দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
৫০৩ উপজেলায় একযোগে শুরু, নিবন্ধন করেছে ১৬ লাখ ২৩ হাজারের বেশি প্রতিযোগী আছেন।
শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে অনলাইনের মাধ্যমে দেশের ৫০৩টি উপজেলায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এর আগে বিকেল ৩টা ৪৫ মিনিটে খুলনা জেলা স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী। স্টেডিয়ামে প্রবেশের পর গ্যালারিতে অবস্থানরত শিশু-কিশোর ও ক্রীড়াবিদদের কাছে এগিয়ে যান তিনি। এ সময় হাজারো শিশু-কিশোর করতালি ও হাত নেড়ে তাঁকে অভিবাদন জানায়। প্রধানমন্ত্রীও তাদের অভিবাদনের জবাব দেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। এতে স্টেডিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি চীনা শিক্ষার্থীদের পরিবেশিত দেশটির ঐতিহ্যবাহী ড্রাগন ড্যান্স ও লায়ন ড্যান্সও উপভোগ করেন তিনি।
অনুষ্ঠান শেষে স্টেডিয়াম প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ সারা দেশ থেকে অনলাইনে নিবন্ধন করেছে ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন প্রতিযোগী। আগের আটটি ক্রীড়া ইভেন্টের পাশাপাশি এবার নতুন করে যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। ফলে মোট ১০টি ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রতিযোগিতার প্রথম আসর গত ২ মে সিলেটে উদ্বোধন করা হয়েছিল।

