হবিগঞ্জ প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহাদী হাসানকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে হবিগঞ্জে গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে আয়োজিত কর্মসূচি থেকে তাকে পুলিশ নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা সদরের কোর্ট মসজিদের সামনের ময়দানে ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন মাহাদীসহ কয়েকজন কর্মী-সমর্থক। পরে সদর মডেল থানার পুলিশ সেখানে গিয়ে মাহাদীকে তাদের সঙ্গে যাওয়ার অনুরোধ করে। তিনি অনীহা প্রকাশ করলে পুলিশ তাকে টেনেহিঁচড়ে ভ্যানে তুলে থানায় নিয়ে যায়।
থানায় নেওয়ার সময় সদর মডেল থানার ওসি জাহিদুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নিরাপত্তার জন্য মাহাদী হাসানকে হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত ১ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় এনামুল হাসান নয়ন নামে এক তরুণকে আটক করা হলে মাহাদী হাসান সেখানে যান। ওই সময় শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে আন্দোলনের মুখে ২৪ ঘণ্টার আগেই জামিনে মুক্তি পান তিনি।

