এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার শেরপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বগুড়া জেলা শাখার উদ্যোগে শেরপুর উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মরহুম আরাফাত রহমান কোকোর কর্মময় জীবন, ক্রীড়াঙ্গনে তাঁর অবদান এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আলোচনা করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক, বগুড়া জেলা শাখার সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য সাজ্জাদুজ্জামান সিরাজ জয়।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার হোসেন পিয়ার, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক ও শেরপুর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মো. পলাশসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া খানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মুন্নাত, মির্জাপুর ইউনিয়নের সভাপতি আব্দুর সালাম, শাহবন্দেগী ইউনিয়নের সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন একজন নীরব ও নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠক। রাজনীতির মাঠে সক্রিয় না থেকেও দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও সংগঠনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কর্ম ও স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
উল্লেখ্য, আরাফাত রহমান কোকো ১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন। তাঁর জন্মদিন উপলক্ষে বিভিন্ন সময় বিএনপি ও তাঁর স্মৃতিবিজড়িত সংগঠনগুলো দোয়া মাহফিল, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করে আসছে।

