দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে পাল্টাপাল্টি কর্মসূচি কিংবা সতর্ক পাহারা নয়, বরং ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলও মাসজুড়ে পৃথক কর্মসূচি পালন করবে। এর মাধ্যমে দল ও অঙ্গসংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে চায় বিএনপির শীর্ষ নেতৃত্ব।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দল এবং তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, দলের পাঁচ যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালামসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে নিজস্ব উদ্যোগে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। তবে এসব কর্মসূচি কোনো রাজনৈতিক দল বা পক্ষের পাল্টা কর্মসূচি হিসেবে পালন করা হবে না। একইভাবে অতীতে আওয়ামী লীগের মতো পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে কোনো রাজনৈতিক দলের কর্মসূচি প্রতিরোধের উদ্যোগও নেওয়া হবে না।
পরিকল্পিত কর্মসূচির মধ্যে রয়েছে বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিএনপি এবং তিন অঙ্গসংগঠন নিজেদের উদ্যোগে পৃথকভাবে এসব কর্মসূচি ঘোষণা করবে। পাশাপাশি বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোকেও নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন বিরোধী দলের রাজনীতি ও আন্দোলনে সক্রিয় থাকার পর ক্ষমতায় আসা বিএনপি এখন দল ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক তৎপরতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। বিশেষ করে মহান বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে নেতা-কর্মীদের সাংগঠনিকভাবে সক্রিয় রাখার পরিকল্পনা নিয়েছে দলটির নেতৃত্ব।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী প্রথম আলোকে বলেন, ‘বিশেষ কিছু নয়। আমরা সাধারণত বিজয়ের মাস ডিসেম্বরে যেসব কর্মসূচি দিই, তেমন কর্মসূচি থাকবে।

