ঢাকা প্রতিনিধি:
সংসদ সচিবালয়, ঢাকা, ১৩ আগস্ট ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি জয়নুল আবেদীন, এমপির সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে মাদক ও জুয়াকে চিহ্নিত করে এগুলো নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। মাদকের বিরুদ্ধে জাতীয় সংসদের সব সদস্যের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে আরও কার্যকর ও সমন্বিত ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বৈঠকে জানানো হয়, মাদক নির্মূলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা, ট্রাইব্যুনাল ও এখতিয়ারসম্পন্ন আদালত গঠনসহ বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ ছাড়া কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ ছাড়াই গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।
পরে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে কমিটির সামনে তুলে ধরা হয়।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থাসমূহের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট খাতওয়ারি বিভাজন ও ব্যয় পরিকল্পনা এবং ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্য অর্থবছরের জন্য মন্ত্রণালয়ের অধীন সব সংস্থার খাতওয়ারি বাজেট ও ব্যয় বিভাজনের বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।
জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোট প্রস্তাবিত বাজেট ৩১ হাজার ৯৯ কোটি টাকা। এর মধ্যে পরিচালন বাজেট ২৮ হাজার ৬৩৮ কোটি ৭৯ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট ২ হাজার ৪৬০ কোটি ২১ লাখ টাকা।
বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক নির্মূল ও অপরাধ দমনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে এসব কার্যক্রমে সংসদীয় স্থায়ী কমিটির প্রয়োজনীয় সহযোগিতা ও কার্যকর তদারকি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, এমপি; এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি; জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, এমপি; জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি; মো. কামরুজ্জামান, এমপি; মো. মনোয়ার হোসেন, এমপি; শিরীন সুলতানা, এমপি; মো. নুরুল ইসলাম, এমপি এবং মো. আব্দুল বাতেন, এমপি অংশগ্রহণ করেন।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরগুলোর মহাপরিচালক, ব্রিগেডিয়ার জেনারেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

