মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুর উপজেলার সকল মার্কেট ও বিপণিবিতান সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বন্ধ রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দোকান শ্রমিকরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় শেরপুর প্রেসক্লাব ও উত্তরাপ্লাজা এবং শেরশাহ নিউমার্কেট এর সামনে মহাসড়কের পাশে শেরপুর উপজেলা দোকান শ্রমিক ট্রেড ইউনিয়ন (রেজি. নং-২১৫৯), বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বগুড়ার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শেরপুর উপজেলা দোকান শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান মিলন, শেরপুর ট্রেড ইউনিয়ন সম্পাদক আবু রায়হান রবি ও শ্রমিক নেতা শিপলু।
এছাড়াও মানববন্ধনে শেরপুর উপজেলা দোকান শ্রমিক ট্রেড ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দোকান শ্রমিকদেরও পরিবার-পরিজন রয়েছে। তাঁদের ব্যক্তিগত ও পারিবারিক সময় কাটানো এবং সাপ্তাহিক বিশ্রামের সুযোগ নিশ্চিত করতে উপজেলার সকল মার্কেট ও বিপণিবিতান শুক্রবার বন্ধ রাখা প্রয়োজন। এ সময় তাঁরা শ্রমিকদের স্বার্থ বিবেচনায় নিয়ে শুক্রবার সাপ্তাহিক ছুটি কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানান।

