এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ চাকরি স্থায়ীকরণ, সরকারি নীতিমালা অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে বগুড়া সিটি কর্পোরেশনের মাস্টার রোলভুক্ত কর্মচারী ও শ্রমিকরা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম.আর. ইসলাম স্বাধীনের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় মাস্টার রোলভুক্ত কর্মচারী ও শ্রমিকদের বিভিন্ন দাবি ও তাদের কর্মসংক্রান্ত সমস্যার বিষয় তুলে ধরা হয়।
স্মারকলিপিতে মাস্টার রোলভুক্ত কর্মচারী ও শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট গেজেট ও নীতিমালা অনুসারে দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের শ্রমিক-কর্মচারীদের মতো বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের দাবিও জানানো হয়।
এ ছাড়া বর্তমান মাস্টার রোলভুক্ত কর্মচারী ও শ্রমিকদের চাকরি স্থায়ী না হওয়া পর্যন্ত বিভিন্ন পৌরসভা ও সিটি কর্পোরেশন থেকে বদলির মাধ্যমে আসা তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের বগুড়া সিটি কর্পোরেশনে যোগদান না করানোর দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে দাবিগুলো দাখিলের তারিখ থেকে ২১ দিনের মধ্যে বাস্তবায়নের জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সংগঠনের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
শ্রমিক-কর্মচারীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা সিটি কর্পোরেশনের বিভিন্ন কাজে নিয়োজিত থাকলেও চাকরির স্থায়িত্ব ও সুযোগ-সুবিধা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাই তাদের চাকরি স্থায়ীকরণসহ ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নেবে – এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

