শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
শেরপুর থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শেরপুর থানার এফআইআর নং-১৭, তারিখ ১৫ নভেম্বর ২০২৬, জিআর নং-৩২৭ নম্বর মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৯(৩), ১০, ১১ ও ১৩ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩, ৪ ও ৬ ধারায় মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ইসতিয়াক রনি (২২)। তিনি শেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য ও অনলাইন অ্যাক্টিভিস্ট। তাঁর বাবার নাম মো. আব্দুল কুদ্দুস। বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে শেরপুর পৌরসভার ধুনট মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অপর গ্রেপ্তার ব্যক্তি মো. সেলিম রেজা (৫২)। তিনি সুঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। তাঁর বাবার নাম মৃত ফজলুল হক সরকার। বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে সুঘাট ইউনিয়নের জোড়গাছা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া মো. শহিদ রানা (২৯) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তাঁর বাবার নাম গোলাম রব্বানী। একই দিন সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে মির্জাপুর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

