এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের সোনাহাটা ডিগ্রি কলেজে সংবর্ধনা, একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কলেজের অফিসকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের নতুন শিক্ষাজীবনের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিমগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সোনাহাটা ডিগ্রি কলেজের সভাপতি মো. ফজল-এ-খুদা তুহিন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনীল চন্দ্র বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিমগাছী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসীন আলী।
এ সময় কলেজের গভর্নিং বডির সদস্য, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাসের মধ্য দিয়ে নতুন শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, একাদশ শ্রেণিতে পদার্পণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের জীবনে উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়েছে। এই সময়কে কাজে লাগিয়ে জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধ থেকে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা, সততা ও মানবিক গুণাবলির চর্চাই একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে সফল ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে পারে।
পরে নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

