এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জানা যায়, বুধবার (২২ জুলাই ২০২৬) বিকেল অনুমান ৪টার দিকে বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল শাজাহানপুর উপজেলার মাদলা চাঁচাইতার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি।
অভিযানকালে মাদলা চাঁচাইতার এলাকার বাসিন্দা পারভেজ মোশারফ সিনাত (২৭), পিতা গোলাম মোস্তফাকে ২টি টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের বিস্তার রোধে জেলা জুড়ে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
এদিকে, জব্দ করা টাপেন্টাডল ট্যাবলেট বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই বিধি অনুযায়ী ধ্বংস করা হয়।

