এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. মিনিস্টারকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি), বগুড়া। সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে ধুনট উপজেলার শিয়ালী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মিনিস্টার বগুড়া জেলার ধুনট থানার বড় চাপড়া গ্রামের মো. মোখলেছার রহমানের ছেলে। তার বিরুদ্ধে ধুনট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা রয়েছে।
র্যাব-১২ সূত্রে জানা যায়, মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে ভুক্তভোগী নারী (২৯) পরিবারের সদস্যদের নিয়ে নিজ ঘরে অবস্থান করছিলেন। এ সময় পরিবারের অন্যরা ঘুমিয়ে পড়লে আসামি কৌশলে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে তিনি ভুক্তভোগীকে জাপটে ধরে যৌন হয়রানির চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় পরবর্তীতে ভুক্তভোগী ধুনট থানায় মামলা করেন। মামলার পর থেকেই অভিযুক্ত মিনিস্টার আত্মগোপনে ছিলেন বলে র্যাব জানিয়েছে।
মামলাটির আসামিকে গ্রেপ্তারে র্যাব-১২-এর সিপিএসসি বগুড়া গোয়েন্দা তৎপরতা শুরু করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ধুনট থানার শিয়ালী পূর্বপাড়া এলাকায় অবস্থান করছেন। ওই তথ্যের ভিত্তিতে র্যাব-১২-এর অধিনায়কের দিকনির্দেশনায় সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-১২ জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ধুনট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে।
র্যাব-১২-এর সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

