এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা ও ৬ লিটার চোলাইমদসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন- শাহিনুর (৪০), পিতা: মৃত আফজাল মণ্ডল, গ্রাম: শিয়ালসন; মূসা সরদার (২৪), পিতা: আব্দুল মান্নান সরদার, গ্রাম: দত্তবাড়িয়া; শ্রী বিশ্বনাথ, পিতা: শ্রী আকালু পাহান, গ্রাম: ইসবপুর; আব্দুল গণি (২২), পিতা: হারুণ অর রশিদ, গ্রাম: দত্তবাড়িয়া এবং লগেন পাহান (৪০), পিতা: আকালু পাহান, গ্রাম: ইসবপুর। সকলের থানা আদমদীঘি, জেলা বগুড়া।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে মোট ২০০ গ্রাম গাঁজা ও ৬ লিটার চোলাইমদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
পরে ভ্রাম্যমাণ আদালতে বিচার শেষে গ্রেফতারকৃতদের মধ্যে তিনজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত অভিযান আরও জোরদার করা হবে বলেও তারা উল্লেখ করেন।

