এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ:
বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে ধুনট উপজেলার বথুয়াবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে মাদকবিরোধী এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। অভিযানে পাঁচজনকে আটক করার পর তাদের কাছ থেকে নয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-ধুনটের পশ্চিম অফিসারপাড়ার মো. আনোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান শাওন (৩০), মাটিকোড়া গ্রামের মো. মুনসুর আলম খান সেলিমের ছেলে সাজ্জাদ খান স্বরণ (২২), বথুয়াবাড়ী গ্রামের মৃত আজিবর শেখের ছেলে মঞ্জু শেখ (৪০), ধুনট সদরপাড়া এলাকার মৃত শাহাজান আলীর ছেলে ওয়াসিম (৪০) এবং শান্তনগর এলাকার মৃত মতিউর রহমানের ছেলে বদিরুজ্জামান (৪৫)।
ভ্রাম্যমাণ আদালতের রায়ে মেহেদী হাসান শাওনকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপর চারজন-সাজ্জাদ খান স্বরণ, মঞ্জু শেখ, ওয়াসিম ও বদিরুজ্জামানকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ডিএনসি সূত্র জানায়, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কেনাবেচা রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকবিরোধী অভিযানে উদ্ধার হওয়া নয় পিস ইয়াবা ট্যাবলেট নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

