এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ধুনট উপজেলার ধেরুয়াহাটি ও ডিঙ্গিরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এবং ধুনট উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামী।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ধেরুয়াহাটি গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মো. বাদশা (৪৫) এবং ডিঙ্গিরচর গ্রামের মো. নবীর মণ্ডলের ছেলে মো. রবিন মণ্ডল (২৫)।
অভিযানকালে তাদের কাছ থেকে গাঁজা সেবনের কাজে ব্যবহৃত একটি বাঁশি উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হলে আদালত অভিযোগের প্রেক্ষিতে মো. বাদশাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মো. রবিন মণ্ডলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদকসেবন প্রতিরোধে ধুনট উপজেলায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয়দের মতে, মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় এলাকায় মাদকসেবন ও মাদকসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

