এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ ইউনুস আলী ভোলা (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই ২০২৬) সকালে তাকে বগুড়া আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ইউনুস আলী ভোলা উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী গোদাগাড়ীপাড়া গ্রামের ভলু মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জুলাই) রাতে ধুনট থানার বিশেষ অভিযান চলাকালে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলামের কাছে খবর আসে, নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী কাতলাহার বাজার সংলগ্ন একটি মুদিখানার দোকানের সামনে স্থানীয় লোকজন একজন সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করে রেখেছেন। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি চালিয়ে লুঙ্গির ভাঁজে সাদা পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন প্রায় ১ গ্রাম। ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করা হয় এবং আলামতের একটি অংশ রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি উদ্ধার হওয়া ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ধুনট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. নজরুল ইসলাম জানান, স্থানীয় জনতা আটকের সময় ওই যুবক সামান্য আহত হলে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার প্রকৃত উৎস, সরবরাহকারী চক্র এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

