এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার উত্তর শ্যামপুর গ্রামে রাতের আঁধারে এক কৃষকের প্রায় ৭০০টি ফলন্ত কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের কয়েক বছরের শ্রম, বিনিয়োগ ও আয়ের সম্ভাবনা এক মুহূর্তে নষ্ট হয়ে গেছে।
ভুক্তভোগী কৃষক মহাব্বত হোসেন জানান, তিনি তিন বিঘা জমিতে যত্নসহকারে কলাবাগান গড়ে তুলেছিলেন। গাছগুলোতে ফল ধরেছিল এবং শিগগিরই বিক্রির উপযোগী হওয়ার কথা ছিল। কিন্তু অজ্ঞাত দুর্বৃত্তরা শনিবার গভীর রাতে বাগানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে সব গাছ কেটে ফেলে।
ঘটনার পর সকালে বাগানে গিয়ে কাটা কলাগাছ পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যান কৃষক মহাব্বত হোসেন। তিনি বলেন, দীর্ঘদিনের পরিশ্রম ও আশা-ভরসার ফসল এভাবে নষ্ট হওয়ায় তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। তারা বলেন, একজন পরিশ্রমী কৃষকের এমন ক্ষতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
ভুক্তভোগী কৃষক ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিপূরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।

