মিন্টু ইসলাম:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বগুড়ার শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে শেরপুর কেন্দ্রীয় শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে শত শত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শোভাযাত্রার উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের প্রতিনিধি হিসেবে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব জানে আলম খোকা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ডু, শেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েলসহ উপজেলা ও পৌর বিএনপি এবং পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কোনো চক্রান্তকারীই এ দেশের সম্প্রীতি নষ্ট করতে পারবে না। তারা আরও বলেন, বিএনপি সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। পাশাপাশি সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান বক্তারা।
উৎসবকে ঘিরে মন্দির প্রাঙ্গণ ও শোভাযাত্রা এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেন।

