শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধ থামাতে গিয়ে প্রতিপক্ষের লাথির আঘাতে জামিল শেখ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জামিল শেখ শেরুয়া দাহপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং আসন্ন এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সোমবার বিকেলে শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় কিশোর ও যুবকদের মধ্যে একটি ফুটবল ম্যাচ চলছিল। খেলার একপর্যায়ে খেলোয়াড়দের মধ্যে কথা-কাটাকাটি থেকে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করতে এবং দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেন জামিল শেখ।
এ সময় শেরুয়া দত্তপাড়া এলাকার শাকিল (২২) ক্ষিপ্ত হয়ে জামিলের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, শাকিলের লাথি ও কিল-ঘুষির আঘাতে জামিল গুরুতর আহত হয়ে মাঠেই লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাঁকে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত শাকিল শেরুয়া দত্তপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি চাতালের ব্যবস্থাপক হিসেবে কর্মরত। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহতের বাবা রফিকুল ইসলামের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, “অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”

