মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের নাইশিমুল বাজারে অবৈধভাবে ৫৪ বস্তা ডিএপি সার মজুদের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় মো. নবীন উদ্দিন নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অবৈধভাবে সার মজুদের অভিযোগে নবীন উদ্দিনকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে উপস্থিত কৃষকদের চাহিদা ও অনুরোধের পরিপ্রেক্ষিতে মজুদ করা সার ন্যায্যমূল্যে বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু। অভিযানে উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শেরপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে উপস্থিত ছিলেন।

