স্টাফ রিপোর্টার:
বগুড়া, ১ জুলাই: ২০২৪ সালের জুলাই বিপ্লবের বীর শহীদদের স্মরণে এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জাতীয় ছাত্রশক্তিসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১ জুলাই) বগুড়া শহরের নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানে জুলাই বিপ্লবে শহীদ হওয়া শহীদ রাতুল, শহীদ সিয়াম শুভ ও শহীদ শিমুলের কবর জিয়ারত করা হয়। এ সময় তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং দেশের স্বাধীনতা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং বগুড়া জেলা আহ্বায়ক এ এম জেড শাহরিয়ার, এনসিপি বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী জ্বীম, দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব আবদুস সবুর সুমন এবং সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বগুড়া জেলা সদস্য সচিব ও জুলাই যোদ্ধা মো. সৈকত আলী, যুগ্ম সদস্য সচিব মোবাশ্বির করিম রিহান, যুগ্ম সদস্য সচিব মাহমুদুন্নবী মারুফ, সংগঠক ওয়ালিউর রহমান রোহান, আহসান হাবিব তানিম, রিসান, শাহরিয়ার সিমান্ত, শাহীন ইসলাম মুন্নাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ বলেন, “জুলাইয়ের শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। একটি বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে ছাত্র-জনতা জীবন উৎসর্গ করেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের লড়াই অব্যাহত থাকবে।”
পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

