এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করতে রাজপথের ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন বগুড়া জেলা যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, দলের দুঃসময়ে যারা সাহসিকতার সঙ্গে রাজপথে সক্রিয় ছিলেন, হামলা-মামলা ও নানা প্রতিকূলতার মুখেও সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন, তাদের অবদানকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বিকেল ৫টার দিকে বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ও চিকাশী ইউনিয়ন যুবদলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন, একটি শক্তিশালী ও সুসংগঠিত সংগঠন গড়ে তুলতে হলে তৃণমূলের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। যারা দীর্ঘদিন ধরে দলের জন্য শ্রম, সময় ও ত্যাগ স্বীকার করেছেন, তাদের অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই। বরং ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সাংগঠনিক কর্মকাণ্ডে যথাযথভাবে সম্পৃক্ত করার পাশাপাশি যোগ্য নেতৃত্বকে সামনে নিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, যুবদলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঐক্য, সহযোগিতা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। সংগঠনের প্রতিটি স্তরে গণতান্ত্রিক চর্চা, পারস্পরিক সমন্বয় এবং দায়িত্বশীলতার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।
তৃণমূলের নেতৃত্ব বিকাশের ওপর গুরুত্বারোপ করে জেলা যুবদলের এই সভাপতি বলেন, নতুন নেতৃত্ব তৈরির সুযোগ সৃষ্টি করতে হবে। অভিজ্ঞ ও পরীক্ষিত নেতাকর্মীদের অভিজ্ঞতার সঙ্গে তরুণদের কর্মস্পৃহা ও সাংগঠনিক দক্ষতার সমন্বয় ঘটাতে পারলে সংগঠন আরও গতিশীল হবে। এ ক্ষেত্রে তৃণমূলের মতামত, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও দলের প্রতি নেতাকর্মীদের অবদানকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
সম্মেলনে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আবু হাসান।
ধুনট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধুর সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সহ-সভাপতি এডভোকেট এনামুল হক পান্না, তাজমিলুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমারান হোনেন, তথ্য ও গবেষণা সম্পাদক আল আমিন সানু, নির্বাহী সদস্য কামরুল ইসলাম, ঝিনুক, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান শাহীন, যুবদল নেতা নাজিম, আন্দালিব, আনজু, বাশাল ধুনট উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু মুসা, সহসভাপতি বুলবুল আহমেদ মিঠু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুজ্জামান নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান এবং দপ্তর সম্পাদক সালমান সাদিক বাঁধনসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।
সম্মেলনকে কেন্দ্র করে নিমগাছী ও চিকাশী ইউনিয়নের যুবদলের নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক তৎপরতা ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় সংগঠনের সাংগঠনিক কাঠামো আরও সুদৃঢ় করা, তৃণমূল পর্যায়ে নেতৃত্বের বিকাশ, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দলীয় ঐক্য অটুট রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সম্মেলনে অংশগ্রহণকারী নেতাকর্মীরা সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও গতিশীল করার পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

