এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় নষ্ট ও ভাঙা ডিম ব্যবহার করে জন্মদিনের কেক তৈরির অভিযোগে ‘মি. কেক’ নামের একটি কারখানাকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কেক তৈরির জন্য মজুত রাখা ৮৭০টি নষ্ট ও ভাঙা ডিম জব্দ করে ধ্বংস করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বগুড়া শহরের ফুলবাড়ী উত্তর-মধ্যপাড়া এলাকায় অবস্থিত ‘মি. কেক’ কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুর রহমান এবং মো. কাজিম রেজা চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযানটি পরিচালনা করেন।
অভিযান সংশ্লিষ্টরা জানান, কারখানাটিতে নষ্ট ও ভাঙা ডিম দিয়ে জন্মদিনের কেক প্রস্তুত করা হচ্ছিল। এ ছাড়া কেক ও বিস্কুট তৈরির স্থানটি অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর ছিল। উৎপাদিত খাদ্যও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করা হচ্ছিল। কেক তৈরির কাজে নিয়োজিত কর্মীদের ক্ষেত্রেও ন্যূনতম স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছিল না বলে অভিযানে প্রতীয়মান হয়।
এসব অনিয়ম ও অপরাধের বিষয়ে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানের সময় কেক তৈরির উদ্দেশ্যে সংরক্ষণ করা ৮৭০টি নষ্ট ও ভাঙা ডিম জব্দ করা হয়। পরে বিধি অনুযায়ী সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযানের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির মালিক ও সংশ্লিষ্টদের সরকারি সব আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

