এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) আয়োজিত পরিমার্জিত ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ-বিটিপিটি) জানুয়ারি-অক্টোবর ২০২৬ সেশনের উপকরণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে পিটিআই প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজোয়ান হোসেন।
প্রদর্শনীতে প্রশিক্ষণার্থী শিক্ষকরা প্রাথমিক শিক্ষার্থীদের পাঠদানকে আরও সহজ, আনন্দময় ও কার্যকর করার লক্ষ্যে তৈরি বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদর্শন করেন। এসব উপকরণের মাধ্যমে শিশুদের সৃজনশীলতা, কল্পনাশক্তি, সমস্যা সমাধানের দক্ষতা এবং বাস্তবভিত্তিক শিক্ষার সুযোগ বাড়ানোর বিভিন্ন দিক তুলে ধরা হয়।
প্রধান অতিথি প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থী শিক্ষকদের তৈরি উপকরণ ও তাদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন। তিনি শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ ও ব্যবহারিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, “আপনারা জাতির মেধা ও মনন গড়ার কারিগর। আপনাদের নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার ওপরই নির্ভর করছে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ।” তিনি বলেন, শ্রেণিকক্ষে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান প্রদান করলেই একজন শিক্ষকের দায়িত্ব শেষ হয় না। শিক্ষার্থীদের সৎ, দেশপ্রেমিক, মানবিক ও দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান আধুনিক ও প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিশুদের জ্ঞান ও দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধিৎসা, সৃজনশীলতা ও নতুন কিছু শেখার আগ্রহ তৈরি করতে শিক্ষকদের আরও কার্যকর ও আধুনিক পদ্ধতি অনুসরণ করতে হবে।
জেলা প্রশাসক বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়ন এবং একটি সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। বৈষম্যহীন, মানবিক ও আলোকিত সমাজ বিনির্মাণে শিক্ষক সমাজকে নিজ নিজ অবস্থান থেকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে পিটিআইয়ের প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী শিক্ষকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা প্রদর্শনীর বিভিন্ন শিক্ষা উপকরণ ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

