বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক আবু রায়হানকে মারধরের ঘটনায় অভিযুক্ত সপ্তম শ্রেণির ছাত্র রিয়াদ ইসলাম কিরনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে বগুড়া শহরের চারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী।
ওসি ইব্রাহীম আলী জানান, চারমাথা এলাকায় অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সামনে শিক্ষক আবু রায়হানের ওপর হামলার ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, শ্রেণিকক্ষে অতিরিক্ত দুষ্টুমি করায় শিক্ষক আবু রায়হান ওই শিক্ষার্থীকে সতর্ক করেন। একই সঙ্গে তার অভিভাবককে বিদ্যালয়ে নিয়ে আসতে বলেন। এ ঘটনার জের ধরে ওই শিক্ষার্থী শিক্ষকের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
হামলায় লাঠির আঘাতে শিক্ষক আবু রায়হানের থুতনি কেটে যায়। পরে সেখানে আটটি সেলাই দিতে হয়। এ ছাড়া তাঁর ঘাড়েও গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষার্থীকে বাধ্যতামূলক ছাড়পত্র (টিসি) দিয়ে বহিষ্কার করে। এ ঘটনায় থানায় অভিযোগও করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষার্থীকে আটকের পর এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

