এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া মহানগরের খান্দার বিলপাড় এলাকায় অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- হৃদয় শেখ (২৬), পিতা মিঠু শেখ, সাং মালগ্রাম দক্ষিণপাড়া; শাকিব হোসেন (৩৬), পিতা মৃত মেহের আলী, সাং খান্দার পশ্চিমপাড়া; এবং মিলু (৪০), পিতা আব্দুল জলিল, সাং মালগ্রাম মধ্যপাড়া, জেলা বগুড়া।
বুধবার (২২ জুলাই ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাদ হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল ত্বয়ের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানকালে খান্দার বিলপাড় এলাকা থেকে ৩০ গ্রাম গাঁজাসহ ওই তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রথম আসামিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, দ্বিতীয় আসামিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং তৃতীয় আসামিকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ সময় জব্দকৃত মাদকদ্রব্য বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

