নিজস্ব প্রতিবেদক |ঢাকা
তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগের নতুন সুযোগ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে মারুবেনি কর্পোরেশনের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করা হয়। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে দুই পক্ষের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় বাংলাদেশের দক্ষ জনশক্তি, প্রযুক্তিগত সক্ষমতা এবং প্রতিযোগিতামূলক সেবার সুযোগকে কাজে লাগিয়ে দেশটিকে আন্তর্জাতিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনার বিষয়টি উঠে আসে।
এ ছাড়া আগামী ১২ মাসের মধ্যে বাংলাদেশে একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডেটা সেন্টার চালুর পরিকল্পনা নিয়েও বৈঠকে আলোচনা হয়। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে মারুবেনি কর্পোরেশনের আগ্রহ এবং সম্ভাব্য বিনিয়োগের বিষয়টিও গুরুত্ব পায়।
সংশ্লিষ্ট খাতগুলোতে জাপানি বিনিয়োগ বৃদ্ধি পেলে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়ন, দক্ষ জনশক্তির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আন্তর্জাতিক বাজারে সেবা খাতের অবস্থান আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৈঠকটি বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার এবং প্রযুক্তি ও জ্বালানিসহ গুরুত্বপূর্ণ খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

