বগুড়া প্রতিনিধি:
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, সহসভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, কোষাধ্যক্ষ ফেরদৌস রহমান, দপ্তর সম্পাদক শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য প্রতীক ওমর ও মাহফুজ মন্ডল এবং সিনিয়র সদস্য সবুর শাহ লোটাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাংবাদিকতা পেশার বিভিন্ন দিক, গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি এবং সাংবাদিকদের পেশাগত সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পেশাদারত্ব বজায় রাখা, ঐক্য সুদৃঢ় করা এবং সার্বিক কল্যাণে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অন্যদিকে, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার নেতৃবৃন্দ গণমাধ্যম ও সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনা শেষে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার পক্ষ থেকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ ও মতবিনিময় সভায় গণমাধ্যমের উন্নয়ন এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।

