
প্রাণের শহর বিডি ডেস্ক:
বাড়ির পাশে সড়কে আনমনে খেলছিল ২৩ মাসের মরিয়ম। একাই ছিল সে। হঠাৎ একপাশ থেকে একটি গাড়ি এসে তাকে পিষে দিয়ে যায়।
মুমূর্ষু অবস্থায় ছোট্ট মরিয়মকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর কাজিরগাঁও এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।
মৃত মরিয়মের দাদি লাকি বেগম জানান, তাদের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার ভাঙ্গাছরি গ্রামে। লাভলু মিয়া ও রিবা আক্তারের একমাত্র সন্তান মরিয়ম। যাত্রাবাড়ীর কাজিরগাঁও ময়লার রাস্তা এলাকায় ভাড়া বাড়িতে তারা থাকেন। মরিয়মের বাবা লাভলু একটি কার্টন কারখানায় কাজ করেন। মা রিবা আক্তার গার্মেন্টকর্মী। ঘটনার সময় মরিয়মের বাবা-মা কাজে ছিলেন।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, বিকেলে বাসার সামনের রাস্তায় একাই খেলছিল মরিয়ম। হঠাৎ চিৎকার শুনে বাইরে বের হয়ে তিনি তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। লাকি বেগম বলেন, ‘ওই রাস্তা দিয়ে অটোরিকশা ও ইজিবাইক ছাড়া কিছুই চলে না। কোন গাড়ির ধাক্কায় মরিয়ম মারা গেছে, তা বলতে পারছি না। তবে এলাকার অনেকেই বলছেন, ট্রাক যেতে দেখেছেন তারা।’
ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ এএসআই মো. মাসুদ জানান, সন্ধ্যার দিকে স্বজনরা ওই শিশুকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Reporter Name 















