রাজশাহী প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাজশাহীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।
সভায় পুলিশ কমিশনার জানান, রাজশাহী মহানগরী ও এর আশপাশের এলাকায় এবার মোট ১০৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৮৫টি এবং এর বাইরে ২৪টি পূজামণ্ডপ রয়েছে। সার্বিক গুরুত্ব বিবেচনায় ৭০টি মণ্ডপকে গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে ১৪টিকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। থানা পুলিশ, নগর টিম ও সার্বক্ষণিক নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং বিদ্যুৎ বিভ্রাটের সময় জরুরি আলোর ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
পুলিশ কমিশনার বলেন, প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে নির্ধারিত ঘাটগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ও ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করতে সিটি করপোরেশন প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল এবং ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করা হয়েছে।
তিনি আরও জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আরএমপি পর্যাপ্ত জনবল মোতায়েনসহ প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই উল্লেখ করে তিনি আশ্বস্ত করেন, সবার সম্মিলিত সহযোগিতায় রাজশাহীতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।

