দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদাকে শেরে বাংলা নগর থানায় বিএনপির করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে থানা থেকে রবিবার (২২ জুন) রাত সাড়ে আটটার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সন্ধ্যায় রাজধানীর উত্তরায় জনতার হাতে আটক হন সাবেক সিইসি নুরুল হুদা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আটকের পর তার গলায় জুতার মালা পরানো হয়েছে। তাকে জুতাপেটা করতেও দেখা যায়। এসময় আশপাশের লোকজনকে বিএনপির শ্লোগান দিকে শোনা যায়। পরে নুরুল হুদাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগের রাতেই ব্যালটে নৌকা প্রতীকে সিল মারার কারণে রাতের ভোট হিসেবে পরিচিত পায়। একতরফা ফলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট পায় ২৮৮টি এবং বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট পায় মাত্র আটটি আসন। সব জেনেও সিইসি কে এম নূরুল হুদা কমিশন কোনো ব্যবস্থা না নেওয়ার রাতের ভোটের কারিগর বলা হয় নুরুল হুদাকে।

