দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৬:বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সংঘটিত গুরুতর অপরাধ দ্রুত উদ্ঘাটন, জড়িতদের গ্রেপ্তার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তার মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে নিহত কিশোরের ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধারের কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের কিশোর অপরাধ চক্রের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। দ্রুত আইনি কার্যক্রম শেষ করে মামলার অভিযোগপত্র দাখিলের চেষ্টা করা হবে। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করতে বিচার বিভাগকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথা জানান তিনি।
শিশু নিখোঁজের পরিসংখ্যান প্রসঙ্গে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্যের বিষয়ে মন্ত্রী বলেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে।
সামাজিক অবক্ষয়কে অপরাধের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সাইবার অপরাধের সঙ্গে মাদক, জুয়া ও পর্নোগ্রাফির মতো বিভিন্ন অনুষঙ্গের সম্পৃক্ততা অনেক ক্ষেত্রে দেখা যায়। এ পরিস্থিতি মোকাবিলায় স্কুল পর্যায় থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও পার্কিং করা বাসে অগ্নিসংযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজনকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাইকোর্ট ফটক ও যাত্রাবাড়ীর ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অন্য ঘটনায় জড়িতদের শনাক্তের কাজ চলছে।
বিরোধী দলের সাম্প্রতিক লংমার্চ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর গঠনমূলক সমালোচনা ও কর্মসূচি পালনের অধিকার রয়েছে। চট্টগ্রাম ও উত্তরাঞ্চলে সাম্প্রতিক লংমার্চ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করেছে বলে জানান তিনি।
বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি এবং অতীতে দেশীয় গ্যাস অনুসন্ধানে পর্যাপ্ত গুরুত্ব না দেওয়ার কারণে সংকট তৈরি হয়েছে। দেশের শিল্প খাতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ২০৩০-৩১ সালের মধ্যে ১৫০টি নতুন গ্যাসকূপ খননের পরিকল্পনার কথা জানান তিনি। এরই মধ্যে তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে দৈনিক ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে বলেও জানান মন্ত্রী।
তেজগাঁওয়ের একটি মসজিদে গোপন বৈঠকের অভিযোগে ২৩ জনকে আটকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছিল। মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর কোনো প্রমাণ না পাওয়ায় ১১ জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
অন্যদের বিষয়ে মন্ত্রী বলেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী তারা ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি নতুন উগ্রবাদী সংগঠন গঠনের চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে মামলা করে রিমান্ডে নেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী তদন্ত চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের প্রধান দায়িত্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিচারহীনতার সংস্কৃতি দূর করে অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করা।

