ঢাকা প্রতিনিধি:
ঢাকা, ৩০ অক্টোবর ২০২৬: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পর্যটন, চিকিৎসাসেবা ও জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০২৬’। ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আয়োজিত এ মেলায় পাকিস্তানের পর্যটন ও চিকিৎসা খাতের সম্ভাবনা তুলে ধরছে দেশটির বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।
মেলায় পাকিস্তান ট্যুরিজম ডেভেলপমেন্ট করপোরেশন (পিটিডিসি), দেশটির বিভিন্ন ভ্রমণ ও পর্যটন প্রতিষ্ঠান, বেসরকারি খাতের অংশীজন এবং হাসপাতাল অংশ নিয়েছে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত থেকে পাকিস্তান প্যাভিলিয়নের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নুরুন নাহার চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পাকিস্তান প্যাভিলিয়নে দেশটির মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, বৈচিত্র্যময় খাবার এবং উন্নত চিকিৎসাসেবার বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, এ অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পর্যটন সহযোগিতা বৃদ্ধি, চিকিৎসা পর্যটনের নতুন সম্ভাবনা সৃষ্টি এবং দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও জোরদার হবে।
তিন দিনব্যাপী এ মেলায় পাকিস্তানের অংশগ্রহণকে দুই দেশের পর্যটন সম্পর্ক উন্নয়নের একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

