দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
আন্তর্জাতিক ফুটবলে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা। আজারবাইজানে অনুষ্ঠিত প্রথমবারের মতো আয়োজিত ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসব ২০২৬-এর টিয়ার ‘ই’ বিভাগের ফাইনালে উঠে রানার্সআপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দল।
শুক্রবার (৩০ অক্টোবর) আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ফাইনালে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের কাছে ৪-১ গোলে পরাজিত হয় বাংলাদেশ। ফলে টিয়ার ‘ই’ বিভাগে শিরোপা জেতে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।
ফাইনালে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের হয়ে মোহি ১৪, ২৬ ও ৩৯ মিনিটে গোল করে হ্যাটট্রিক করেন। পেনেল ১৬ মিনিটে আরও একটি গোল করেন। বাংলাদেশের হয়ে ২৩ মিনিটে একমাত্র গোলটি করেন সাজিদ মাহমুদ তকিব।
ফাইনালে হারলেও পুরো প্রতিযোগিতায় প্রশংসনীয় পারফরম্যান্স করেছে বাংলাদেশের তরুণ ফুটবলাররা। কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। ওই ম্যাচে বায়েজিদ, পাভেল হাসান ও শিবক কুমার মালি গোল করেন।
এরপর সেমিফাইনালে গ্যাবনকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। দলের হয়ে জয়সূচক গোলটি করেন নাইমুর রহমান রাতুল।
এর আগে শেষ ষোলো ও শেষ বত্রিশের ম্যাচে যথাক্রমে সিঙ্গাপুর ও সেশেলসের বিপক্ষে টাইব্রেকারে জয় পায় বাংলাদেশ। দুই ম্যাচই নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়েছিল।
বাংলাদেশ দলের প্রধান কোচ আকবর হোসেন রিদনের অধীনে তরুণ ফুটবলারদের এই পারফরম্যান্স দেশের ফুটবলে নতুন আশার সঞ্চার করেছে।
প্রতিযোগিতাটিতে ১৮৯টি দেশের অংশগ্রহণ ছিল। ছয়টি স্তরে বিভক্ত এই আয়োজনে টিয়ার ‘ই’ বিভাগে ফাইনালে ওঠা বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য অর্জন। তবে টিয়ার ‘এ’-এর বিজয়ী স্পেন হয়েছে এবারের প্রথম ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবের মূল চ্যাম্পিয়ন।
বাংলাদেশের এই সাফল্যে খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন ফুটবলপ্রেমীরা। তাঁদের প্রত্যাশা, এই তরুণদের হাত ধরেই ভবিষ্যতে আন্তর্জাতিক ফুটবলে আরও বড় সাফল্য অর্জন করবে বাংলাদেশ।

