দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বাংলাদেশ হাজার বছরের ঐতিহ্য, ভাষা, সাহিত্য, লোকসংগীত, নাটক, নৃত্য ও লোকজ শিল্পের এক সমৃদ্ধ ভাণ্ডার। পাহাড় ও সমতলের অসাধারণ মেলবন্ধনই বাংলাদেশের আত্মপরিচয়ের অন্যতম ভিত্তি।
রোববার (২৩ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে “সবার আগে বাংলাদেশ: অপসংস্কৃতি নিপাত যাক, দেশীয় সংস্কৃতি রক্ষা পাক” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েশন্স অব বাংলাদেশ।
মন্ত্রী বলেন, সংস্কৃতি একটি জাতির আয়না। একটি জাতি কেমন এবং তার চিন্তাভাবনা কতটা উন্নত, তা সংস্কৃতির মাধ্যমেই প্রকাশ পায়। হাজার বছর ধরে এই পলিমাটিতে লালিত হয়েছে একতারা-দোতারার সুর, জারি, সারি ও ভাটিয়ালি গান এবং অসাম্প্রদায়িক চেতনা।
তিনি বলেন, আমাদের সংস্কৃতি মানুষকে বিনয়ী হতে, বড়দের সম্মান করতে এবং অন্যায়ের প্রতিবাদ করতে শেখায়। দেশীয় সংস্কৃতির শিকড় অনুসন্ধানের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী জানান, প্রায় পাঁচ হাজার বছরের পুরোনো বাংলাদেশের সংস্কৃতি ৫০টির মতো ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতির সংমিশ্রণে আরও সমৃদ্ধ হয়েছে।
অপসংস্কৃতির প্রসঙ্গে নিতাই রায় চৌধুরী বলেন, যে সংস্কৃতি মানুষকে মা-মাটি ও দেশকে ভালোবাসতে শেখায় না, যে সংস্কৃতি তরুণ সমাজকে মাদক, কিশোর গ্যাং কিংবা নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলে দেয়, তা কখনোই আমাদের সংস্কৃতি হতে পারে না।
পরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

