https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday, 17 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে প্রবাস ফেরত শফিকুলের ‘যমুনা হাঁসের খামার’, এখন মাসে আয় ৫০-৭০ হাজার টাকা

admin
November 13, 2026 7:36 am
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ভাগ্য পরিবর্তনের আশায় পাঁচ বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন শফিকুল ইসলাম। কিন্তু দুই বছর প্রবাসে থেকেও আশানুরূপ আয় করতে না পেরে খালি হাতেই দেশে ফিরতে হয় তাঁকে। দেশে ফিরে বেকারত্ব ও আর্থিক সংকটের মধ্যে হতাশ না হয়ে শুরু করেন হাঁস পালন। মাত্র ৫০টি হাঁস নিয়ে শুরু করা সেই উদ্যোগই এখন তাঁর ভাগ্য বদলে দিয়েছে। বর্তমানে নিজের খামার থেকে প্রতি মাসে আয় করছেন ৫০ থেকে ৭০ হাজার টাকা। পাশাপাশি সৃষ্টি করেছেন আরও একজনের কর্মসংস্থানের সুযোগ।

শফিকুল ইসলাম (শফিক) বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের দড়িমুকুন্দ গ্রামের মকবুল হোসেনের ছেলে। তাঁর খামারের নাম ‘যমুনা হাঁসের খামার’।

শফিকুল জানান, প্রবাস থেকে ফিরে সামান্য পুঁজি নিয়ে ৫০টি হাঁস দিয়ে খামারটির যাত্রা শুরু করেন। প্রায় তিন বছর ধরে পরিচালিত এ খামার থেকে বর্তমানে তাঁর নিজের কর্মসংস্থানের পাশাপাশি আরও একজনের জীবিকার ব্যবস্থা হয়েছে। ধীরে ধীরে খামারটি সম্প্রসারণের মাধ্যমে তিনি এখন স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন।

তাঁর এই সাফল্য দেখে এলাকার পাশাপাশি আশপাশের অনেক বেকার যুবকও হাঁস পালনে আগ্রহী হয়ে উঠছেন।

তবে খামারটি আরও বড় করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা পুঁজির সংকট বলে জানিয়েছেন শফিকুল। তাঁর অভিযোগ, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের মাধ্যমে বেকার যুবক ও উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণ দেওয়ার কথা থাকলেও প্রকৃত খামারি ও উদ্যোক্তারা অনেক সময় সেই সুযোগ পান না।

শফিকুল বলেন, ‘স্বল্প সুদে ঋণ পেলে সেই অর্থ দিয়ে খামারটি আরও বড় করতে পারতাম। এতে আরও অনেক বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হতো।’

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিয়াজ কাজমীর রহমান বলেন, উপজেলার খামারিদের খামার উন্নয়ন ও সফল উদ্যোক্তা হওয়ার বিষয়ে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। তবে বর্তমানে তাঁদের দপ্তরে ঋণ দেওয়ার মতো কোনো বরাদ্দ বা সুযোগ-সুবিধা নেই। ভবিষ্যতে বরাদ্দ পাওয়া গেলে শফিকুলের বিষয়টি বিবেচনায় রাখা হবে বলে তিনি আশ্বাস দেন।

প্রবাসে ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করলেও শেষ পর্যন্ত দেশের মাটিতেই পরিশ্রম ও উদ্যোগের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার দৃষ্টান্ত গড়েছেন শফিকুল। তাঁর ‘যমুনা হাঁসের খামার’ এখন এলাকার বেকার যুবকদের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।