এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় মো. সজিব ইসলাম (২৬) নামে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
সোমবার (২ নভেম্বর ২০২৬) সকালে গ্রেপ্তার সজিব ইসলামকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার (১ নভেম্বর) রাতে ধুনট পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের সদরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মো. শাহ আলীর ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধুনট শহরে একটি মশাল মিছিল বের করেন। এ সময় যুবদলের নেতাকর্মীরা মিছিলে বাধা দিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মিছিলকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন সেখ বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ জন নেতাকর্মীকে আসামি করা হয়। ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে সজিব ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস শুকুর আলী বলেন, বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

