এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আলোচিত হাড্ডিপট্টি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২১ পিস ইয়াবা ও ৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প জানতে পারে, বগুড়া মহানগরের ৪ নম্বর ওয়ার্ডের চকসুত্রাপুর এলাকার হাড্ডিপট্টিতে মাদকদ্রব্যের অবৈধ কেনাবেচা চলছে। এ তথ্যের ভিত্তিতে গত রোববার দিবাগত রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল। অভিযানের একপর্যায়ে মাদকদ্রব্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বগুড়ার ফুলবাড়ী মধ্যপাড়ার মৃত শামছুল শেখের ছেলে মো. আশিক শেখ (৪৮), চকসুত্রাপুর হাড্ডিপট্টি এলাকার মৃত কছিমউদ্দিনের ছেলে মো. শামছুল হক (৩০), শাজাহানপুর উপজেলার লতিফপুর দক্ষিণপাড়ার মো. আবু তাহেরের ছেলে মো. শুভ রহমান (২০) এবং চকসুত্রাপুর এলাকার মো. আতিকুলের ছেলে মো. বিদ্যুৎ (২০)।
র্যাব জানায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২১ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৯ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার চারজনকে জব্দ করা মাদকদ্রব্যসহ বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

