এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুরে অনুমোদনহীন লবণ ব্যবহার, মুড়ির বস্তায় প্রয়োজনীয় তথ্য না থাকা এবং খাদ্য উৎপাদনে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে এক মুড়ি ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে জব্দ করা দুই বস্তা অনুমোদনহীন লবণ ধ্বংস করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোহাইল ইউনিয়নের জামাদার পুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের কর্মকর্তারাও অংশ নেন।
অভিযানে দেখা যায়, মুড়ির বস্তায় যথাযথভাবে লেভেলিং করা হয়নি। পাশাপাশি উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখও উল্লেখ ছিল না। এছাড়া খাদ্য উৎপাদনে অনুমোদনহীন লবণ ব্যবহার এবং কারখানায় প্রয়োজনীয় সুরক্ষা পোশাক না পরার বিষয়টি ধরা পড়ে।
এসব অনিয়মের দায়ে চেলো গ্রামের অজিত দেবনাথের ছেলে বিলাশ দেবনাথকে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩১ ধারায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিএসটিআই বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানুর হোসেন খান প্রসিকিউশন পরিচালনা করেন। এ সময় অভিযানে জব্দ করা অনুমোদনহীন দুই বস্তা লবণ উপস্থিত জনসাধারণের সামনে ধ্বংস করা হয়।
বিএসটিআই বগুড়া কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এবং খাদ্যপণ্যের উৎপাদনে নিয়ম-নীতি অনুসরণে সংশ্লিষ্টদের বাধ্য করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

