দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও পরিচালনা নিয়ে চীনভিত্তিক প্রতিষ্ঠান ঝেজিয়াং ওয়েইমিং এনভায়রনমেন্টাল প্রোটেকশন কোম্পানি লিমিটেডের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কারিগরি ধারণা, বিনিয়োগ মডেল ও বাস্তবায়ন রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে একটি ব্রিফিং উপস্থাপন করা হয়। প্রকল্পটি বাস্তবায়নে সম্ভাব্য বিনিয়োগ কাঠামো, কারিগরি বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও প্রতিমন্ত্রী ও প্রতিষ্ঠানের প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে মতবিনিময় হয়।
বৈঠকে ঝেজিয়াং ওয়েইমিং এনভায়রনমেন্টাল প্রোটেকশন কোম্পানি লিমিটেডের পরিবেশ সংরক্ষণ গ্রুপের চেয়ারম্যান চেং উলিয়াং, সভাপতির সহকারী উ জিয়ান এবং বিনিয়োগ বিভাগের ব্যবস্থাপক হুয়াং ওয়েইফেং উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

