এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার কাহালু উপজেলায় গ্রামীণ জনপদে ক্রীড়াঙ্গনের প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে আয়োজিত এমপি মোশারফ হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা উৎসবমুখর পরিবেশে উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) বিকেলে উপজেলার নারহট্ট বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সহ-সম্পাদক (বৃক্ষরোপণ বিষয়ক) ও কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন এবং নারহট্ট ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রীস আলী।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক এস এম রুবেল।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারহট্ট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম রায়হান, কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তালুকদার, উপজেলা কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, নারহট্ট ইউপি সদস্য মমতাজ উদ্দিন, নারহট্ট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, বিএনপি নেতা আতাউর রহমান, আবু সাঈদ বেনু ও হেলাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক সূত্রে জানা যায়, নারহট্ট ইউনিয়নের মোট ৯টি ওয়ার্ডের ফুটবল দল নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্থানীয় খেলোয়াড়, ক্রীড়ামোদী দর্শক ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দ্বিতীয় দিনের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ও ৫ নম্বর ওয়ার্ড ফুটবল দল।
খেলাটি পরিচালনা করেন আনারুল কবির। সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর আলম ও তাহসিন। অন্যদিকে, প্রাণবন্ত ধারাভাষ্যের মাধ্যমে মাঠের উত্তেজনা আরও বাড়িয়ে তোলেন কাহালুর আল আমিন।
স্থানীয় ক্রীড়ামোদীরা মনে করছেন, এ ধরনের টুর্নামেন্ট শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার কার্যকর উদ্যোগ। পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

