এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে ধুনট উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজার সময় বিদ্যুৎ ও সড়কব্যবস্থা, অগ্নিনিরাপত্তা এবং দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফ উল্লাহ নিজামী। তিনি দুর্গাপূজা চলাকালে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন, মোছা. সোনিতা নাসরিন রিপন, জাকির হোসেন জুয়েল, মাসুদুল হক বাচ্চু, আনোয়ারুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর নবী, আব্দুল কাদের ও শাহাদাৎ হোসেন পিষ্টন।
এ ছাড়া ধুনট উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অধ্যাপক বিকাশ চন্দ্র শাহা, সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার ঘোষ, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা হামিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুল করিম, ধুনট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন টিক্কা, শোভা রানী, মথুরাপুর কেন্দ্রীয় দুর্গাপূজা মন্দিরের সভাপতি মিঠু কুমার শাহা, ধুনট কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি তপু কুমার শাহাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও পূজা উদ্যাপন কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে যেকোনো সমস্যায় দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।
সভায় উপজেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, স্বেচ্ছাসেবক নিয়োগ, মণ্ডপের আশপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ এবং পূজার দিনগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় অংশ নেওয়া পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

