এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় রাস্তার পাশের জঙ্গল থেকে এক নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডহরী গ্রামের মসজিদে যাতায়াতের রাস্তার পাশ থেকে শিশুটিকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের জঙ্গল থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান স্থানীয় এক ব্যক্তি। পরে তিনি শব্দের উৎসের দিকে এগিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে নবজাতকটিকে পড়ে থাকতে দেখেন। বিষয়টি স্থানীয়দের জানালে পূর্ব গুয়াডহরী গ্রামের আব্দুল গণি সরকারের ছেলে মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান।
শিশু উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার মানুষ মিজানুর রহমানের বাড়িতে ভিড় করেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগ দেখা দিয়েছে। শিশুটিকে কে বা কারা সেখানে রেখে গেছে এবং কী কারণে তাকে পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় শিশুটিকে ওই জঙ্গলের পাশে রেখে যাওয়া হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। শিশুটির পরিচয় ও তার বাবা-মায়ের বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।
ধুনট উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল কাফি বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া নবজাতককে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে শিশুটির বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, নবজাতককে কে বা কারা সেখানে রেখে গেছে, তা শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও তদন্ত করছে।

